ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ ঘোষণা দেন এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগই ছিল তাদের প্রধান দাবি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় ‘সদিচ্ছার অংশ হিসেবে’ আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।
সিজেপির দাবি, সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলাগুলো প্রত্যাহার, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।
টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের পর দাবিগুলো মেনে নেওয়ায় আন্দোলনকারীদের বিক্ষোভস্থল ছেড়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
সূত্র: এনডিটিভি
