টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম দুর্গাপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং স্থানীয় ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানের জমির সীমানা নিয়ে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ জুন বিকেলে বৃষ্টির পানিতে একটি বাড়ির পাশের মাটি ধুয়ে অন্য পক্ষের জমিতে চলে গেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে শাহ আলমসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার সকালে শাহ আলমের মরদেহ নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
কালিহাতী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস ছালাম জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
