নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা আঞ্চলিক সড়কের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার-এর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, সহ-সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় এবং বাজনাবো আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়। এসব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যারও উদ্যোগ নেওয়া হবে বলে তারা জানিয়েছেন।
