লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত খাদেমুল ইসলাম উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে।
জানা গেছে, বুধবার রাত ২টার দিকে সীমান্ত পিলার ৯০৫/৬ এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এ সময় খাদেমুল ইসলামের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত হয়েছেন। তবে কি কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা জানা যায়নি।