চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ রামদাসেরবাগ আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ১১ মে সকাল ১০টায় অত্র মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম (নাহিদ) এর সভাপতিত্বে সভায় কমিটির সকল সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন পায়।

মাদ্রাসা শিক্ষা বোর্ড (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৫ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই আজ প্রথম সভা আয়োজনের মাধ্যমে কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “রামদাসেরবাগ আলিম মাদ্রাসা এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক। মাদ্রাসার শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী পরিবেশ তৈরি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা এই প্রতিষ্ঠানকে একটি মডেল মাদ্রাসায় রূপান্তর করতে সম্মিলিতভাবে কাজ করবো।

সভায় কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য, দাতা সদস্য মো: জহিরুল ইসলাম জুয়েল, অভিভাবক সদস্য মো: আবু তাহের, মো: সেলিম খাঁন, মো: আনোয়ার হোসেন বাবলু এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হাজেরা বেগম।

শিক্ষক প্রতিনিধি মো: মিজানুর রহমান, মো: নজরুল ইসলাম শেখ মিন্টু, মো: আ: সোবহান ভূঁইয়া ও শামী আক্তার।

এছাড়াও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: আবুল হাসনাত নয়ন।

অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে নতুন কমিটি গঠিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই কমিটির হাত ধরে মাদ্রাসার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান হবে এবং পড়ালেখার মান আরও উন্নত হবে।

এসময় ম্যানেজিং কমিটির সকলের সম্মতিতে নতুন সদস্য হিসেব মোঃ আতিক খাঁন কে কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে যুক্ত করা হয়।

সভা শেষে মাদ্রাসার সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।