চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরায় জমজমাট আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর শুক্রবার বিকেল ও সন্ধ্যায় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইছাপুরা সমাজ কল্যাণ সংস্থা এবং ইছাপুরা ইয়াং স্টার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ইছাপুরা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইয়াছিন পাটোয়ারী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম খান, সাবেক ক্রীড়া সংগঠক ও তরুণ সমাজসেবক মো. সোহেল পাটোয়ারী এবং সাবেক ক্রীড়া সংগঠক ও তরুণ সমাজসেবক মো. মহসিন খান রাব্বি।

ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর নান্দনিক ফুটবলশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির কাজী বলেন, তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তাই তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।