কুড়িগ্রাম-এ নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসেনাইন কায়কোবাদ। এ সময় বক্তব্য দেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা নিজাম উদ্দিন, মুকুল মিয়া, আব্দুল আজিজ নাহিদ, আজীবন সদস্য রফিকুল হায়দার, নাসিম পারভেজ তারা, যুব উপদেষ্টা আশিক ইকবাল রাব্বী, যমুনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার শাহ আলম এবং কুড়িগ্রাম প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ ও যুব সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্যোগ, সংকট ও মানবিক সহায়তায় রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।