কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তি ফরিদ উদ্দিন ও দ্বীন ইসলামের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবারের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১ মে) বিকেলে স্বল্পমারিয়া এলাকায় দখলকৃত রাস্তার পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন মো. শাফিউল আলম অপু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাসুরদিয়া মৌজার সিএস ও এসএ দাগ নং-০৩ এবং আরএস দাগ নং-০৪ভুক্ত সরকারি রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা চলাচল করে আসছেন। সম্প্রতি অভিযুক্তরা প্রভাব খাটিয়ে রাস্তার একটি অংশ দখল করে সেখানে ভবন নির্মাণ শুরু করেন। এলাকাবাসী বাধা দিলেও তারা নির্মাণকাজ অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়।

স্থানীয়দের দাবি, রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়ায় চরম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে ওই পথে যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। বরং প্রতিবাদকারীদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দখলমুক্ত করে সরকারি রাস্তা জনসাধারণের ব্যবহারের উপযোগী করার দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, রুস্তম আলী, সিরাজ মিয়া, জালাল মিয়া, মলাই মিয়া, সাইফুল ইসলাম মিন্টু, শাহ আলম, জাহেদুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।