কুড়িগ্রামের কাঁচিচরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কাঁচিচর বি.এ.জি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক ২১’-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল মানুষের মাঝে রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানার গুরুত্ব তুলে ধরা। সংগঠনটি দীর্ঘদিন ধরে কাঁচিচর, ঘোগাদহসহ কুড়িগ্রাম এলাকায় বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবাও গ্রহণ করেন। আয়োজকরা জানান, জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অনেক ক্ষেত্রে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাশেদুল ইসলাম ও সহকারী শিক্ষক নুর ইসলামসহ অন্যান্য শিক্ষকরা উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
অন্যদিকে শিক্ষার্থীরাও এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করে।
উল্লেখ্য, ক্যাম্পেইনটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্মুক্ত ছিল। নিরাপদ ও দ্রুত সেবার মাধ্যমে অংশগ্রহণকারীরা উপকৃত হন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।