পরিবেশ সুরক্ষা, মানবিক সহায়তা এবং সামাজিক দায়বদ্ধতা জোরদারে কুড়িগ্রামে বৃক্ষরোপণ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্র, কুড়িগ্রাম উত্তরবঙ্গ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোছা. মোসলেমা বেগম মিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আতাউল হক খান চৌধুরী এবং কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. এরশাদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউস সানি।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয় এবং নিম্নআয়ের ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ যেমন জরুরি, তেমনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও সামাজিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার সচেতনতা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।