মাদক ব্যবসা, মাদকের আড্ডা, চাঁদাবাজি, অসামাজিক কর্মকাণ্ড ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিশেষ করে অন্যের জমিতে বাড়িঘর নির্মাণের সময় চাঁদা দাবিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিভিন্ন সামাজিক সংগঠন সচেতনতামূলক কার্যক্রম ও মহড়া পরিচালনা করছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও মাঝে মধ্যে টহল দেওয়া হচ্ছে। তবে এসব উদ্যোগের পরও অপরাধমূলক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রেনু মাঝি বাড়ির জামাল খাঁর ছেলে সবুজের বিরুদ্ধে এলাকায় ইয়াবা সরবরাহ ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁদের কারনে এলাকার কিছু যুবক-কিশোরের হাতে মাদক পৌঁছে যাচ্ছে। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছে। সবুজের বিরুদ্ধে আদালত একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এ ছাড়া সিরাজ ও রেনু মাঝি বাড়ির সাইদুল হকের ছেলে আলমগীরের বিরুদ্ধে স্থানীয়দের বাড়িঘর নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আলমগীর লক্ষ্মীপুর কাকলী স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত বলে জানা গেছে। একই বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধেও চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। এসব ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি এলাকাবাসীর। এ বিষয়ে ভুক্তভোগী হিসেবে রঞ্জু মাঝি বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে জাকির হোসেন ও বেলাল হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, এলাকার এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এলাকাবাসী মাদক কারবার, চাঁদাবাজি ও সরকারি সম্পত্তি দখলসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।