পটুয়াখালীর বাউফল উপজেলার মেয়াদোত্তীর্ণ ৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ায় ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে তা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসক নিয়োগ পাওয়া ইউনিয়নগুলো হলো—ধূলিয়া, কেশবপুর, বগা, চন্দ্রদ্বীপ, কালিশুরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া ও কাছিপাড়া। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, এসব ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২১ জুন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানান, গত সেপ্টেম্বর মাসে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর প্রশাসক নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নথিপত্র, সম্পদ ও অন্যান্য দায়িত্ব যথাযথ ভাবে বুঝে নেবেন। পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আইন ও বিধি অনুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—কাছিপাড়া ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন, কালিশুরী ইউনিয়নে অতিরিক্ত কৃষি অফিসার মো. নাইদ হাসান, ধূলিয়া ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক প্রমথ মজুমদার, কেশবপুর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার, বগা ইউনিয়নে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এম এম পারভেজ, কালাইয়া ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো. মিলন, আদাবাড়িয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার মো. মুশফিকুর রহমান এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নে সরকারি প্রোগ্রামার মো. নুরুল আমিন।

প্রশাসক নিয়োগের ফলে ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদানসহ সরকারি সেবা কার্যক্রম পরিচালনায় গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নতুন প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত হবে।