পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

সভায় কলেজের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন অধ্যক্ষ মো. এনায়েত হোসেন। জবাবে প্রধান অতিথি মনিরুল ইসলাম কলেজের উত্থাপিত দাবিগুলো পূরণ এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, বিগত সরকার শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা ধরনের টালবাহানা করেছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করছে। আগামী দিনের বাংলাদেশকে সঠিক নেতৃত্বের মাধ্যমে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সাবেক কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দিন এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান প্রমূখ।