দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, এ জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানের আগে তিনি সংগঠনটির স্মারকগ্রন্থ উন্মোচন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
রাষ্ট্রপতি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন এবং এ খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় অনেকের পক্ষেই তা বহন করা সম্ভব হয় না।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন।
গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে মানুষের সেবা দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অনেক চিকিৎসক পড়াশোনা শেষ করার পর গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ বা অন্য কাজের জন্য সেখান থেকে চলে যান। এই মানসিকতার পরিবর্তন জরুরি।
তিনি প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব। দেশে সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
পেশাজীবী সংগঠনকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান
পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ ধরনের প্রবণতা বন্ধে উদ্যোগ নেওয়া হলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশাজীবী সংগঠনগুলোর সবকিছু বদলে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং দাঁতের চিকিৎসাসেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।