দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯৬ জন, চট্টগ্রামে ২৮৬ জন, সিলেটে ১৮৬ জন, খুলনায় ১০৮ জন, বরিশালে ১০৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, রংপুরে ৪০ জন এবং রাজশাহীতে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।
এদিকে একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। এর মধ্যে পরীক্ষায় ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।