নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুক ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ মোঃ সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামের এক অস্ত্র প্রস্তুতকারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে ডিবির একটি দল উপজেলার দেওটি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্লাহ ও মমতাজ বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির তত্ত্বাবধানে এসআই মোঃ ওসমান গনির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৮ অক্টোবর রাত সোয়া সাতটার দিকে সোনাইমুড়ী থানাধীন দেওটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে উদ্ধার করা হয়, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি বন্দুকের বাট রাখার বস্তু, ১টি দেশীয় তৈরি এলজির লোহার বাট, ১টি দেশীয় তৈরি বন্দুকের কাঠের বাট,লোহায় তৈরি বন্দুকের বডির ৩টি অংশ ,অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ৩টি প্লাস ও তারসহ ১টি গ্রাইন্ডিং মেশিন, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ৩টি রেত (রেক), ১টি লোহার ট্রিগার ও ১টি বোল্ড, অস্ত্র তৈরিতে ব্যবহৃত ছোট-বড় ৮ পিস এসএস স্টিলের অংশ।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে দেশীয় অস্ত্র তৈরি ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
নোয়াখালীতে ডিবির অভিযানে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১