রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ১১ তলা ভবনের ওপরের তলায়, একটি কাপড়ের গুদামে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয় এবং বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।