গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে তাঁদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাদুল্যাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।