ব্রাহ্মণবাড়িয়া শহরের মোদকবাড়ি মোড় এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ২ দশমিক ২০ শতক জায়গা অবৈধ দখলমুক্ত করেছে জেলা পরিষদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ মোদকবাড়ি মোড় এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ওই জায়গা দীর্ঘদিন ধরে কয়েকজন স্থানীয় ব্যক্তি দখল করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। বিষয়টি জেলা পরিষদের প্রশাসকের নজরে এলে সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার সকালে জেলা পরিষদের প্রশাসক সার্ভেয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে সরেজমিনে পরিদর্শন করে জেলা পরিষদের জায়গার পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হয়। পরে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জায়গাটি দখলমুক্ত করা হয়। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের কোনো জায়গা অবৈধভাবে দখল করে রাখার সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ দখল মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, জেলা পরিষদের অধীনস্থ জায়গাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
