মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সাংবাদিকদের পরিচিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও হোসেনপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেক্সোনা খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

এ সময় বক্তব্য দেন হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের হোসেনপুর উপজেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান চন্দন, সিনিয়র সহসভাপতি মো. মানসুরুল হক রবিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মিজবাহ উদ্দিন মানিক, দৈনিক যায়যায়দিনের হোসেনপুর প্রতিনিধি মো. আবু বকর ছিদ্দিক বাক্কার, দৈনিক সংগ্রামের হোসেনপুর সংবাদদাতা মো. শামছুল হক, দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুল, পাকুন্দিয়া প্রতিনিধি আসাদুজ্জামান খন্দকার, দৈনিক প্রতিদিনের হোসেনপুর প্রতিনিধি মো. রাজিব আহম্মদ পিয়াস, দৈনিক সকালবেলার কিশোরগঞ্জ প্রতিনিধি পলাশ আহমেদ, দৈনিক সমাচারের হোসেনপুর প্রতিনিধি মো. আফজালুর রহমান উজ্জল, পাকুন্দিয়া বার্তার প্রতিনিধি মো. আরিফুর ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট রিমন মিয়া, আরমান, দেলোয়ার, হোসেন রাজিব, সালমান রহমান, সাইফুল্লাহ মাহমুদ, আশরাফ উদ্দিন এবং বাংলা ভিউজ ডটকমের জেলা প্রতিনিধি তুষার আহম্মেদসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যমের বর্তমান সময়ে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া গুজব, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের কারণে সাংবাদিকদের কার্যকর ফ্যাক্ট-চেকিং দক্ষতা অর্জন জরুরি।

তাঁরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক, দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার সাংবাদিকতার কাজকে আরও গতিশীল করতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার কোনোভাবেই সংবাদ যাচাই, নিরপেক্ষতা, সাংবাদিকতার নৈতিকতা ও জবাবদিহিতার বিকল্প হতে পারে না।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে হোসেনপুর, পাকুন্দিয়াসহ তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিকের পাশাপাশি তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, ডিজিটাল সাংবাদিকতা এবং সংবাদ সংগ্রহ ও পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের আশা, প্রশিক্ষণটি অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে।