র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বিলটি সংশোধিত আকারে পাস করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তি ও আলোচনার মধ্যেই বিলটি সংশোধিত আকারে সংসদে পাস হয়।
বিলটির বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের পরও বিলটি পাস করা হয়।
সংশ্লিষ্টদের মতে, নতুন আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি নতুন আইনি কাঠামো তৈরি হবে।
র্যাবের পরিবর্তে এসআরবি কীভাবে কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন বাহিনীর দায়িত্ব ও কাঠামো কী হবে, তা আইনটির বিধান অনুযায়ী নির্ধারিত হবে।