সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ মো. নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুর থানাধীন লাউড়ের গড় বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকার বাদাঘাট বাজারগামী একটি কাঁচা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে উল্লিখিত এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন বলে জানায় র‍্যাব। পরে তার দেখানো স্থান থেকে একটি সাদা-নীল রঙের প্লাস্টিকের বস্তার ভেতর রাখা ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. নজরুল ইসলাম (৩৮)। তিনি তাহিরপুর উপজেলার মাহরাম গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৯ জানায়, উদ্ধার করা বিদেশি মদ জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তি ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।