দেশে হামের প্রকোপ কমছে না। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৪ জন রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০৬ জনের।
একসময় বাংলাদেশ হামের সংক্রমণ নির্মূলের কাছাকাছি পৌঁছেছিল। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও নিশ্চিত রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।
এর মধ্যে পরীক্ষাগারে ১৯ হাজার ৮৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ক্রমাগত নতুন রোগী শনাক্ত হওয়া এবং প্রতিদিন মৃত্যুর ঘটনায় দেশে হামের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।