ভারতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশকে যে প্রক্রিয়ায় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে ঢাকা সন্তুষ্ট নয়।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ধরনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সম্মেলনে যাওয়ার বিষয়টি কীভাবে হবে—এ নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপাক্ষিক যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে পরিবেশ অনুকূল হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সফর হবে। এ ক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা।
গঙ্গা পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। বিভিন্ন গণমাধ্যমে কী বলা হচ্ছে, সেটি বিবেচনার বিষয় নয়; দেশের স্বার্থই সরকারের কাছে প্রধান।
বাণিজ্য ইস্যুতে তিনি বলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন করে জানানোর মতো অগ্রগতি নেই।
রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এত জটিল একটি বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। এ জন্য ধৈর্য ধরার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দ্রুতই সংকটের একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে সরকার আশাবাদী।