চাঁদপুরের ফরিদগঞ্জে নারী স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফরিদগঞ্জের চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে নারীর স্বাস্থ্য, সঠিক পুষ্টি ও খাদ্যাভ্যাস, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নারী সদস্যরা স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক বক্তব্য প্রদান করেন।

এ সময় নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

আয়োজকরা বলেন, নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস তৈরি এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারটির আয়োজন করে মানব সেবা সংস্থা (এইচ.এস.ও)। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।