হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটির কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে আংশিকভাবে হলেও ১৬ ডিসেম্বর এটি চালুর সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে তৃতীয় টার্মিনালের ভবন উদ্বোধন করা হলেও এটি কার্যকরভাবে চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। টার্মিনালে ইন্টারনেট, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিচালন ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি ছিল না বলেও দাবি করেন তিনি।
টার্মিনাল পরিচালনায় রাজস্ব ভাগাভাগির বিষয়েও পরিবর্তন আনার কথা জানান রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আগে বাংলাদেশের জন্য ১৫ শতাংশ এবং জাপানি কোম্পানির জন্য ৮৫ শতাংশ রাজস্ব ভাগের কথা ছিল। আলোচনার মাধ্যমে বাংলাদেশের অংশ ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে।
মন্ত্রী বলেন, জাইকার ঋণে নির্মিত এই টার্মিনালের ঋণ পরিশোধে রাজস্ব আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টার্মিনাল চালু না হলে অন্যান্য খাতের আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।
তিনি জানান, টার্মিনালের ঋণের কিস্তি ইতোমধ্যে পরিশোধ শুরু হয়েছে। সিভিল এভিয়েশনের অন্যান্য খাতের আয় থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, টার্মিনালটি দ্রুত চালু করা গেলে এর নিজস্ব আয় থেকেই ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে। তাই ১৬ ডিসেম্বর অন্তত আংশিকভাবে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।