জামালপুরের বকশীগঞ্জে এক বৃদ্ধার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে টিনের দুচালা ঘর, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুরেদা বেগম (৬০) সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গুমের চর গ্রামের মৃত আবদুল করিমের স্ত্রী নুরেদা বেগম মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে তাঁর বসতঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরটি পুড়ে যায়।

নুরেদা বেগমের দাবি, ঘরে জমি বিক্রির নগদ দুই লাখ টাকা, আসবাবপত্রসহ বিভিন্ন গৃহস্থালির সামগ্রী ছিল। আগুনে এসব মালামালসহ মোট প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নুরেদা বেগম অভিযোগ করে বলেন, তিনি তাঁর চার মেয়েকে জমি লিখে দেওয়ায় সৎ ছেলে ও সৎ নাতিরা ক্ষুব্ধ ছিলেন। সম্পত্তি না পাওয়াকে কেন্দ্র করে তাঁকে দীর্ঘদিন ধরে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এর জের ধরে তাঁর বসতঘরে আগুন দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় নুরেদা বেগম তাঁর সৎ ছেলে শাজাহান, নাতি মো. সাইফুল, আমিনুল হকসহ আটজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনায় কারও সম্পৃক্ততা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।