ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত রাখতে সড়ক বাজারের হকার ও সবজি বিক্রেতাদের জন্য লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী কাঁচাবাজার। সেখানে লটারির মাধ্যমে হকার ও সবজি বিক্রেতাদের জন্য ৪৮টি এবং ফল ব্যবসায়ীদের জন্য ৫০টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় নবনির্মিত অস্থায়ী কাঁচাবাজারটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় প্রায় ১৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে অস্থায়ী কাঁচাবাজারটি নির্মাণ করা হয়েছে। বাজারে ব্যবসায়ীদের জন্য দোকানের পাশাপাশি মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়ার ফলে ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাপসী রাবেয়া বলেন, পৌরশহরের সড়ক বাজার এলাকায় যানজট কমানোর লক্ষ্যেই অস্থায়ী কাঁচাবাজারটি নির্মাণ করা হয়েছে। এরপরও কেউ ফুটপাত বা সড়কের ওপর বসে ব্যবসা করলে অভিযান চালিয়ে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, শহরের রাস্তার তুলনায় মানুষ ও যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। ফলে যানজট তৈরি হচ্ছে। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

পৌর কর্তৃপক্ষের উদ্যোগের ফলে সড়ক ও ফুটপাতের ওপর ব্যবসা পরিচালনার প্রবণতা কমবে এবং একই সঙ্গে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।