জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. দলা মিয়া (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দলা মিয়া পাখিমারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা এলাকায় মাদক সেবনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দলা মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে দলা মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
