নেত্রকোনার মদনে ২.৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আল আমীন পাশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের এমদাদপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আল আমীন পাশা এমদাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয়ভাবে তিনি পৌর যুবলীগের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
মদন থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আল আমীন পাশার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় টিনশেড বসতঘরের একটি খাটের নিচে পাঁচটি সাদা প্লাস্টিকের বোতলে রাখা মোট ২.৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদকসহ আল আমীন পাশাকে গ্রেপ্তার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আল আমীন পাশাকে ৫ বোতল দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার আল আমীন পাশাকে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।