দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯১৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯১ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।