দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। সম্ভাব্য সব উৎস ব্যবহার করে সংকট মোকাবিলার চেষ্টা চলছে। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে।

আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনার পাশাপাশি বিভিন্ন খাতে গুণগত পরিবর্তনেও সরকার কাজ করছে।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পরিবর্তন বাস্তবায়নে আরও সময় প্রয়োজন।

অবৈধ অভিবাসন বন্ধেও সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন জাতিসংঘ সম্মেলনে এ বিষয়ে একটি পৃথক সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন বলেও মন্তব্য করেন তিনি।