চলতি সেপ্টেম্বরের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যে পর্যাপ্ত হামের টিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রথম ধাপের টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। গত ছয় মাসে দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। তাঁর দাবি, এ সময়ে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান আগের তুলনায় বেড়েছে এবং চিকিৎসকদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা হবে। ড্রেনেজ ও পরিচ্ছন্নতার কোনো সমস্যা থাকলে তা সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রমের খোঁজ নেন।
রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।