বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাঁকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও ফিরোজা বেগম আহত হন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে পুলিশের গাড়িতে করে জয়পুরহাটে পাঠানো হয়। স্থানীয়রা ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালেই পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।