আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি আয়োজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ইজতেমার তারিখ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই প্রস্তাবিত তারিখ নির্ধারণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের কারণে গত এক বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ইজতেমা আয়োজন নিয়ে এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও সরকারের আলোচনা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। তাই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুবায়েরপন্থিদের দাবি অনুযায়ী জানুয়ারিতে দুই পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে সাদপন্থিরা রমজানের আগে, প্রস্তাবিত দুই পর্বের পরবর্তী সময়ে একটি পর্ব আয়োজন করতে চান। এছাড়া নভেম্বরের শেষ দিকে জানুয়ারির দুই পর্বের আগেও ইজতেমা আয়োজনের প্রস্তাব রয়েছে তাদের।

মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে। ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ মুহূর্তে এ নিয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।