কক্সবাজার শহরের পেশকারপাড়ায় চাঞ্চল্যকর তরুণী সুমাইয়া আক্তার হত্যা মামলার অন্যতম দুই এজাহার নামীয় আসামি আরিফ ও সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আরিফ ও সোহেল মামলার যথাক্রমে ৩ ও ৫ নম্বর আসামি।
নিহতের স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিহতের বোন বাদী হয়ে সাইফুল ইসলাম হৃদয়কে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুরশেদ হত্যা মামলাতেও তাদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।
বিমানবন্দর এলাকা থেকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের নেপথ্য কারণ অনুসন্ধান ও মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং অপরাধে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা যাচাইয়ে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।