যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি, কেনাকাটা ও বিভিন্ন প্রশাসনিক কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ তদন্তে এরই মধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার ও অবৈধ বিটকয়েন লেনদেনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব খাটানোর অভিযোগও দুদকে জমা পড়েছে বলে সূত্রের দাবি।
সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে। এছাড়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। দুদকের অনুসন্ধানে অভিযোগগুলোর ভিত্তি, সংশ্লিষ্টদের ভূমিকা এবং আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য-প্রমাণ যাচাই করা হবে।