ভারতে ইংগিত করে আশেপাশে যারা আছে তারা শান্তিতে থাকতে দিবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। একইসঙ্গে তিনি বলেছেন যে, ‘আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য বর্ডারে মাদকের ফ্যাক্টরি করা হয়েছে।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়ইয়ার আখাউড়ায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রেলওয়ে স্টেশনের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়।
এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নাছির উদ্দিন হাজারি, নাজমুল খন্দকার, আবুল মুনসুর মিশন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. বাহার মিয়া, আবুল ফারুক বকুল, শওকত হোসেন খান প্রমুখ।
মুশফিকুর রহমান এম.পি তাঁর বক্তব্যে আরো বলেন, ‘রাজনীতি মানে ব্যবসা নয়। রাজনীতি মানে সেবা। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকিতে জনকল্যাণ হোক অঙ্গীকার।’
গ্যাস, বিদ্যুতের সমস্যা নিয়ে তিনি বলেন, ‘এটা তো আর বাজার করা মতো নয় যে গিয়ে নিয়ে এলাম। দীর্ঘদিনের সমস্যা এটা। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই খারাপ অবস্থা পায়।’
