জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে ঝুঁকিহ্রাস, পরিবেশ এর ভারসাম্য রক্ষা ও সবুজ ধরিত্রী গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের ঘোষণার অংশ হিসেবে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (CMLRP-II)-এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল এবং নলকুড়া গ্রামের প্রান্তিক জনগণ ও বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্ট (BCSM)-এর আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়লাতলী বিজিবি ক্যাম্প মোড় থেকে নলকুড়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় আয়োজক ও স্থানীয় জনগণের পাশাপাশি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেন।
অনুষ্ঠানে কারিতাস হালুয়াঘাট উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসামের সঞ্চালনায় এবং নলকুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মেদেন তজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুজা চিসিম, সাংবাদিক ওমর ফারুক সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।