বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একতরফা, পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণকে এসব মিথ্যা অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজারে বোরাঘাট রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যেখানে কয়েক বছর সময় লাগে, সেখানে মাত্র ছয় মাসের বিএনপি সরকারকে বর্তমান সংকটের জন্য দায়ী করে অপপ্রচার চালানো হচ্ছে। সংসদেও পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।

বোরাঘাট রাবার ড্যামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পানির নিশ্চয়তা থাকলে জমিতে ফসল থাকবে, কৃষকের ঘরে স্বচ্ছলতা থাকবে। কৃষক স্বচ্ছল হলে গ্রাম ও দেশের অর্থনীতি শক্তিশালী হবে।”

তিনি বলেন, বান্দরকাটা, শিমুলকুচি, বরাক, বালুয়াকান্দা, সূর্যপুর, ডুমনিকুড়াসহ বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে সেচের পানি পৌঁছে দিয়ে বোরাঘাট রাবার ড্যাম কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বহু অনাবাদি জমি এ ড্যামের সেচ সুবিধার মাধ্যমে আবাদি জমিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, “বোরাঘাট রাবার ড্যামকে শুধু একটি পানি ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে দেখলে চলবে না। এটিকে আমাদের কৃষি অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখতে হবে।”

নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বড় কৃষকের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সেচের অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে। কোনো কৃষক যেন প্রভাবশালী কারও কারণে তার ন্যায্য পানি থেকে বঞ্চিত না হন।

তিনি আরও বলেন, “কৃষি উন্নয়ন মানে শুধু বেশি ফসল উৎপাদন নয়; কৃষি উন্নয়ন মানে নিরাপদ পানি, সুস্থ পরিবেশ, কৃষকের ন্যায্য অধিকার এবং কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা।”

বোরাঘাট রাবার ড্যাম, সেচনালা, পানি প্রবাহের পথ ও নদীর তীর রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্ষাকালে অতিরিক্ত পানি ব্যবস্থাপনা এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ—দুই বিষয়েই গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এর আগে দুপুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাটের ঐতিহ্যবাহী বরবন মাদ্রাসা মসজিদের ওজুখানা উদ্বোধন করেন।