চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে নদীতে গোসল করতে নেমে পাঁচ কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো, ফুপাতো ও চাচাতো বোন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত নদীতে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো—চর চাকলা গ্রামের মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজে যাওয়ার সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পাঁচজনই পানিতে ডুবে যায়।
স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হালিম হামাদ জানান, শিশুদের ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বর্ষায় পানিতে ভরে মরা নদী
চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়দের কাছে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির মৌসুমে পদ্মার পানি প্রবেশ করায় নদীটি প্লাবিত হয়। বছরের অন্যান্য সময়ে নদীটিতে তেমন পানি থাকে না; তখন নদী ও আশপাশের জমিতে কৃষিকাজ করা হয়।
সাম্প্রতিক বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় মরা নদীটিও পানিতে ভরে যায়। শুক্রবার সেই পানিতেই গোসল করতে নেমেছিল শিশুরা। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
একই গ্রামের পাঁচ শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।