আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ডিএমপি কমিশনার মোসলে‍হ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে জাতীয় সংসদ এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা

ডিএমপির বিজ্ঞপ্তিতে নির্ধারিত সীমানার মধ্যে রয়েছে—

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা;
বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত;
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত;
মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত;
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত;
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত;
জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।