আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব বিভাগের গাজীপুর জেলা শাখার উদ্যোগে বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ র্যালির আয়োজন করা হয়।
আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরা, যুবসমাজকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
আইয়ুব আলীর সভাপতিত্বে এবং আক্তারুজ্জামান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর কবির।
এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফজাল হোসাইন খান এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।
বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি অংশ তরুণ জনগোষ্ঠী। দেশ ও সমাজের উন্নয়ন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকরা জানান, যুবসমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে তরুণদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করতেই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে। র্যালিতে গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের যুব নেতাকর্মী ও তরুণরা অংশ নেন। পরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হয়।