নওগাঁর মান্দায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বেহুলা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ইউনিয়নের চকউদনারায়ণ কবিরাজপাড়ায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি, প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এবং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম।

প্রধান অতিথি মাহবুব আলম বলেন, ‘বেহুলা গান আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে এসব লোকজ আয়োজন ক্রমেই হারিয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী বেহুলা গান একসময় গ্রামীণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। স্থানীয় যুবসমাজের উদ্যোগে এমন আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকুক, সেটিই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নাজমুল হক ও রাসেল রানা। এ সময় চকউদনারায়ণ কবিরাজপাড়ার যুবসমাজের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

বেহুলা-লখিন্দরের উপাখ্যাননির্ভর বেহুলা গান বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।