ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। আর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শনিবার (৮ আগষ্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার মৃত-দেবারু মোহাম্মদরে ছেলে আবুল হোসেন (৬৫) ও ব্যাংরোল জিয়াবাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার মো: দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)।
গুরুতর আহত পৌর শহরের কালিবাড়ী আমতলী এলাকার নূরে আলমের ছেলে নিরব ইসলাম (১৬) কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে পালসার মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর হতে ব্যাংরোল বালিয়াডাঙ্গী যাচ্ছিলেন নিরব ও অর্নব। পথে নেংড়ীরহাট নামক এলাকায় বৃদ্ধ আবুল হোসেন রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পিছনে বসা অর্নব ইসলাম এবং গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাজাহান আলী।