পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগমের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। এ সময় প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগমের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, জাল-জালিয়াতি এবং তার ছেলে আলমাস তালুকদারের লুটপাট ও অবৈধ কর্তৃত্বের প্রতিবাদে স্থানীয়রা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বশির আহমদ পঞ্চায়েত , আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি জসিম পঞ্চায়েত , সাবেক উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন রেজা , ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজান, ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন খান, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি কবির হোসেন ,২নং ওয়ার্ড ইউপি সদস্য আনিসুর রহমান পঞ্চায়েত, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিন সাবু , ৯ নং ওয়ার্ড মো. ফিরোজ খান প্রমূখ।

​বক্তারা অবিলম্বে দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যানের দ্রুত অপসারণ দাবি করে বলেন, পরিষদের সকল মেম্বার প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অনাস্থা দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।