বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের ভাষা অনুসরণ করছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ সরকারকে ‘এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেওয়া হবে না’—এমন বক্তব্য দিয়েছিল। তাঁর দাবি, বর্তমান বিরোধী দলের নেতারাও এখন একই ধরনের ভাষা ব্যবহার করছেন।
তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিরোধী নয়। তবে গণভোটসংক্রান্ত একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, এ বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যে বিষয়গুলোতে একমত নয়, সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে; তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
বিরোধী দলকে উদ্দেশ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ, সে বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে শক্তিশালী বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা ও ভুলগুলো তুলে ধরবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। তবে সেই বিতর্ক সংসদের ভেতরে হলে গণতান্ত্রিক পরিবেশ আরও সুসংহত হবে।