পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে অল্প সময়ের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রোববার (২৬ জুলাই) ফেনীর সোনাগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারেও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট আইন পাস করা হয়েছে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, “যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না যায়, তাহলে প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করে বের হওয়া তরুণ-তরুণীরা কোথায় যাবে? কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে হবে।”
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ, শিল্পায়ন এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের নীতিগত সহায়তার মাধ্যমে নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে সকালে তিনি সোনাগাজী উপজেলার চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।