রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
২০২৩ সালে দায়িত্ব গ্রহণ
মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
ঘটনাবহুল দায়িত্বকাল
রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব পালনকাল ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের মধ্যে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি দেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্বও পালন করেন।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্পিকারের সংবাদ সম্মেলনের পর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।