জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের শিংভাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন (২২) এবং তার স্ত্রী মোছা. শাপলা আক্তার (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের কাছ থেকে আরও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”